তরুণ সমাজ বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই: জামায়াতের আমির

২ ফেব্রুয়ারি ২০২৬ - ১২:৩৮ অপরাহ্ণ
 0
তরুণ সমাজ বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই: জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন হলো জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন। এই নির্বাচন আগের কোনো নির্বাচনের মতো নয়। ডাকসু থেকে জকসু পর্যন্ত তরুণ সমাজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে- তারা আর বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা চত্বরে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, রাজার ছেলে রাজা হবে- এই রাজনীতি আমরা চাই না। মেধাবীদের এগিয়ে আসার সুযোগ দিতে হবে। আমরা একটি ইনসাফপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই।

তিনি বলেন, কক্সবাজার কেন সিঙ্গাপুর হতে পারল না? ব্যাংক ডাকাতদের কারণেই কক্সবাজার পিছিয়ে পড়েছে। পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। পর্যটনের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরীতে রূপান্তর করা হবে। এখানে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

ডা. শফিকুর রহমান বলেন, বগলে ঋণখেলাপি রেখে কখনোই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা হবেন জনগণের সেবক। শহিদ আবু সাঈদ ও শহিদ ওসমান হাদির খুনিদের কোনো ছাড় দেয়া হবে না। তবে কেউ অনুতপ্ত হয়ে মূলধারায় ফিরতে চাইলে তাকে সুযোগ দেয়া হবে।

সমাবেশে কক্সবাজারের তিনটি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতা জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।