বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজেশনের নির্দেশ হাইকোর্টের
বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজেশনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় দেন।
আবেদনে বলা হয়, বর্তমানে যে পদ্ধতিতে বিবাহ ও বিচ্ছেদের ঘটনা রেজিস্ট্রেশন করা হয় তা ডিজিটালাইজেশন না করার কারণে অসংখ্য প্রতারণার ঘটনা ঘটছে। আগের বিয়ে গোপন রেখে ডিভোর্স না দিয়েই নতুন করে বিয়ে করার ঘটনাও ঘটছে। ফলে সন্তানের পিতৃপরিচয় নিয়েও জটিলতা সৃষ্টি হচ্ছে। বিবাহ সংক্রান্ত অপরাধ বেড়ে অসংখ্য মামলার জন্ম নিচ্ছে। এ কারণে বিয়ে ও ডিভোর্স রেজিস্ট্রেশন ডিজিটালাইজেশন পদ্ধতিতে হওয়া প্রয়োজন। ছবিসহ বিয়ে ও ডিভোর্স ডিজিটালাইজেশন করলে সংশ্লিষ্ট নারী বা পুরুষের জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে সার্চ করলেই সব তথ্য বেরিয়ে আসবে। এতে প্রতারণার হাত থেকে অসংখ্য মানুষ রক্ষা পাবে।