সচিবালয়ে চার ঘণ্টা ধরে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে চার ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রেখেছেন সচিবালয়ে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (১০ ডিসেম্বর) ‘সচিবালয় ভাতা’র দাবিতে দুপুর ২টা থেকে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন তারা।
অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সন্ধ্যা সোয়া ৬টায়ও অবরুদ্ধ অবস্থায় আছেন অর্থ উপদেষ্টা। আন্দোলনকারীরা সচিবালয়ে অর্থ বিভাগের সামনে অবস্থান করে ‘সচিবালয় ভাতা’র দাবিদে স্লোগান দিচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় সন্ধ্যায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার বৈঠক করেছেন। আগামী সোমবার আন্দোলনকারীদের দাবি পূরণে প্রজ্ঞাপন জারি আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা মানছেন নান। আজই প্রজ্ঞাপন জারির দাবি জানান এবং তাদের অবস্থান ধরে রাখেন।
‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলনরত কর্মচারীরা
জানা গেছে, দুপুর ২টার দিকে দিকে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত প্রায় ৩০০ থেকে ৪০০ নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ে জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের তৃতীয় তলায় অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নেন এবং তাকে অবরুদ্ধ করেন। এ সময় হ্যান্ড মাইকে তারা সচিবালয় ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
কর্মচারীদের দাবি হচ্ছে উপদেষ্টা, মন্ত্রী ও সচিবরা রাতে যতক্ষণ অফিসে থাকেন, ততক্ষণ তাদেরও অফিস করতে হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত বেতন কাঠামোর বাইরে বিভিন্ন ভাতা পেলেও সচিবালয়ের কর্মচারীদের তা দেয়া হয় না।
আন্দোলনকারীদের কয়েকজন জানান, অর্থ উপদেষ্টা এরই মধ্যে কয়েকবার বলেছেন, বেতন কমিশন বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। নতুন বেতন কমিশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এর আগে, সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা চালুর ঘোষণা দিয়ে তা-ও কার্যকর করেনি সরকার।