ঢাকায় হালকা শীতের অনুভূতি, সকালের তাপমাত্রা ১৯ ডিগ্রি
ঢাকায় আজ সকালে তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াসে, যা রাজধানীবাসীর মাঝে হালকা শীতের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদিন আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।
দিনের প্রথমার্ধে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। সন্ধ্যা ৫টা ১২ মিনিটে সূর্যাস্ত এবং আগামীকাল ভোর ৬টা ১৬ মিনিটে সূর্যোদয় হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
একই সঙ্গে সারাদেশেই আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।