১৬ ডিসেম্বর চালু হচ্ছে এনইআইআর সিস্টেম, অবৈধ মোবাইল স্বয়ংক্রিয়ভাবে অচল
আগামী ১৬ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম। এই উদ্যোগের ফলে অবৈধভাবে আমদানি হওয়া বা নিবন্ধনবিহীন মোবাইল ফোন নেটওয়ার্কে আর সক্রিয় থাকবে না। তবে এর আগে কেনা ও ব্যবহৃত সেটগুলো চলতে থাকবে স্বাভাবিকভাবেই।
বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উদ্যোগে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি বলেন, “এনইআইআর কার্যকর হওয়ার পর কোনো হ্যান্ডসেট অবৈধ হিসেবে শনাক্ত হলে সেটি নিবন্ধনের জন্য এক মাস সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে তা নেটওয়ার্কে ব্যবহার অযোগ্য হয়ে যাবে।”
ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, বিদেশ থেকে আনা হ্যান্ডসেটের জন্য থাকবে আলাদা নিবন্ধন প্রক্রিয়া। ব্যবহারকারীদের জানাতে হবে কখন মোবাইলটি দেশে আনা হয়েছে এবং কত টাকায় ক্রয় করা হয়েছে। পাশাপাশি জমা দিতে হবে প্রাসঙ্গিক কাগজপত্র।
গ্রাহকদের সুবিধার্থে বিটিআরসি একটি বিশেষ সিটিজেন পোর্টাল চালু করতে যাচ্ছে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের মোবাইল সংক্রান্ত অভিযোগ, নিবন্ধন জটিলতা বা অন্যান্য সমস্যা জানাতে এবং দ্রুত সমাধান পেতে পারবেন।