গাজা যুদ্ধ বন্ধে ইউরোপজুড়ে লাখো মানুষের বিক্ষোভ

৬ অক্টোবর ২০২৫ - ০৭:৪৭ পূর্বাহ্ণ
 0
গাজা যুদ্ধ বন্ধে ইউরোপজুড়ে লাখো মানুষের বিক্ষোভ

গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপের বিভিন্ন দেশে একযোগে বিক্ষোভ মিছিল হয়েছে। রোববার আয়োজিত এসব কর্মসূচিতে লাখো মানুষ ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে এবং ইসরায়েলের আগ্রাসনের অবসান দাবি জানায়।

শাফাক নিউজের প্রতিবেদন অনুযায়ী, শুধু নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামেই প্রায় আড়াই লাখ বিক্ষোভকারী অংশ নেয়। তারা ডাচ সরকারের প্রতি আহ্বান জানান—ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর কূটনৈতিক অবস্থান গ্রহণ করতে।

ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয় ইউরোপের অন্যতম বৃহৎ বিক্ষোভ সমাবেশ। আয়োজকদের দাবি, সেখানে প্রায় ১০ লাখ মানুষ উপস্থিত ছিলেন, যদিও পুলিশের হিসেবে সংখ্যা ছিল আনুমানিক দুই লাখ ৫০ হাজার।

স্পেনের মাদ্রিদে প্রায় ৯২ হাজার এবং বার্সেলোনায় ৭০ হাজারের বেশি মানুষ রাস্তায় নেমে গাজায় চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানায়।

ফ্রান্সের বিক্ষোভকারীরা ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ ও গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহারের দাবি তোলে।

এ ছাড়া আয়ারল্যান্ডের ডাবলিন ও যুক্তরাজ্যের রাজধানী লন্ডনেও ছোট আকারের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তবে ম্যানচেস্টারের একটি সিনাগগে হামলার ঘটনার পর ব্রিটিশ সরকার বিক্ষোভ স্থগিতের আহ্বান জানায় এবং পরবর্তীতে বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, “বারবার ব্যাপক আকারের বিক্ষোভে ইহুদি সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ দেখা দিচ্ছে। যেমন প্রতিবাদের অধিকার গুরুত্বপূর্ণ, তেমনি নিরাপত্তার অধিকারও সমানভাবে রক্ষা করতে হবে।”