নাইজেরিয়ায় স্বর্ণখনি ধস, শতাধিক মানুষের মৃত্যাশঙ্কা

২৭ সেপ্টেম্বর ২০২৫ - ০৯:৩৮ পূর্বাহ্ণ
 0
নাইজেরিয়ায় স্বর্ণখনি ধস, শতাধিক মানুষের মৃত্যাশঙ্কা

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ স্বর্ণখনি ধসে ব্যাপক প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। জামফারা রাজ্যের মারু এলাকার কাদাউরি খনিতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় অন্তত ১০০ জনের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা এবং উদ্ধারকর্মীদের বরাতে জানা গেছে, ধসের সময় খনির ভেতরে বিপুল সংখ্যক শ্রমিক কাজ করছিলেন। ইতোমধ্যে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন বলে ধারণা। শুক্রবার পর্যন্ত ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত ছিল বলে জানিয়েছে রয়টার্স।

উদ্ধারকর্মী সানুসি আওয়াল বলেন, “আমার চাচাতো ভাই ওই খনিতে কাজ করছিল। এখন পর্যন্ত আমরা ১৩ জনের মরদেহ উদ্ধার করেছি, এর মধ্যে তারটিও আছে। ধসের সময় অন্তত শতাধিক শ্রমিক খনির ভেতরে ছিলেন।”

আহত শ্রমিক ইসা সানি জানান, “আমরা ভাগ্যক্রমে বেঁচে ফিরেছি। তবে শতাধিক শ্রমিকের মধ্যে মাত্র ১৫ জনকে জীবিত বের করা সম্ভব হয়েছে।”

জামফারা স্টেট মাইনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা মুহাম্মদু ইসা বলেন, উদ্ধারকাজে অংশ নেওয়া কয়েকজন স্থানীয়ও শ্বাসরোধে প্রাণ হারিয়েছেন।

জামফারা অঞ্চলে অবৈধভাবে স্বর্ণখনন দীর্ঘদিন ধরেই চালু আছে। এসব খনি প্রায়ই সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকে। অনিরাপদ পরিবেশে পরিচালিত হওয়ায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে এবং বহু প্রাণহানি ঘটছে। অতীতেও এমন একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হয়েছে এ অঞ্চল।