জুলাই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ক্ষমা চাইলেন সাবেক আইজিপি মামুন
জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের দায় স্বীকার করে শহীদ পরিবার, আহত ব্যক্তি, দেশবাসী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
শহীদ ও আহতদের পরিবার, দেশবাসী এবং ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মাম
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন তিনি।
জবানবন্দিতে সাবেক এই আইজিপি বলেন, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। লেথাল উইপেন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, ডিবির হারুন ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী।
তিনি বলেন, ‘গত বছরের ১৮ জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আমাকে ফোন করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি লেথাল উইপেন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন।’
সাবেক এ আইজিপি বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা চালানো হয়।
আইজিপি থাকাকালে নির্বিচারে মানুষ হত্যার জন্য নিহত, আহতের পরিবার, দেশবাসী এবং ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান সাবেক এই পুলিশ মহাপরিদর্শক।
এর আগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জুলাই আন্দোলনে আহত, শহীদ পরিবারের সদস্য, চিকিৎসকসহ ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন। এ মাসেই এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার প্রত্যাশা করছে প্রসিকিউশন।