শিশুর অস্বাভাবিক মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে

১৬ আগস্ট ২০২৫ - ১০:৪৭ পূর্বাহ্ণ
 0
শিশুর অস্বাভাবিক মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় স্থানীয় একটি মাদরাসায় দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার রাধানগর ইউনিয়নের ডোবার মোড় এলাকার শেফালী হাফিজিয়া মহিলা মাদরাসায় এই ঘটনা ঘটে।

মৃত শিশুদের মধ্যে আছেন বেগপুর এলাকার সৈয়বুর রহমানের মেয়ে জামিলা খাতুন (১০) এবং লেবুডাঙা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া আক্তার নিশি (১২)।

জানা যায়, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে মাদরাসার ১২ জন শিক্ষার্থী খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর রাত আড়াইটার দিকে জামিলা খাতুন ও তানিয়া আক্তার নিশি বমি করে এবং পেটে ব্যথা অনুভব করে। পরে তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদরাসার শিক্ষক শাহিদা খাতুন বলেন, শিশুরা রাত ১১টার দিকে সুস্থভাবে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল। রাত আড়াইটার দিকে জামিলা খাতুন রক্তসহ বমি শুরু করে এবং কিছুক্ষণ পর তানিয়াও বমি করে। আমরা বুঝতে পারছি না তাদের মৃত্যু কী কারণে হয়েছে। তবে তানিয়ার একটি হাত ফুলে গিয়েছিল এবং তাদের শরীরে সাপের কামড়ের কোনো চিহ্ন পাওয়া যায়নি। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল আলিম জানান, হাসপাতালে আসার আগেই জামিলা খাতুন মারা যায়। তানিয়া হাসপাতালে আনার পর মারা যায়। প্রাথমিকভাবে এটি অস্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। তাদের শরীরে সাপের কামড়ের কোনো চিহ্ন নেই। 

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, ঘুমন্ত অবস্থায় অসুস্থ হয়ে দুই শিশুর বমি শুরু হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে তারা মারা যায়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তাদের ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- সাপের কামড়ে মৃত্যু হতে পারে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।