কিশোরগঞ্জে রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার

৬ আগস্ট ২০২৫ - ১৩:১৯ অপরাহ্ণ
 0
কিশোরগঞ্জে রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে রাস্তার পাশ থেকে মো. তাজুল ইসলাম (২৬) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) সকালে সদর উপজেলার বত্রিশ আমলীতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তাজুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বগাদিয়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে অটোরিকশাচালক তাজুল ইসলাম বাড়ি থেকে বের হয়। এরপর তিনি গভীর রাতেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে আজ সকালে সদর উপজেলার বত্রিশ আমলীতলা এলাকায় রাস্তার পাশে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ময়নাতদন্তের জন্য মর্গে মরদেহ পাঠানো হয়েছে। এ ঘটনার কারণ জানতে কাজ করে যাচ্ছে পুলিশ। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।