শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
জরুরি মেরামত ও সংস্কার কাজের জন্য শনিবার (১১ এপ্রিল) দেশের ৫ জেলায় দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পৃথক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে শনিবার সিলেট ও নাটোরের বেশকিছু এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ জানিয়েছে, বাৎসরিক জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ এবং গাছের ডালপালা কর্তনের জন্য সিলেটের লাক্কাতুয়রা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি ধোপাগঞ্জ ফিডার, ১১ কেভি কাকুয়ারপাড় ফিডার, ১১ কেভি ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের বেশকিছু এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (৮ ঘণ্টা) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এই এলাকাগুলো হলো- ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, এডভেঞ্চার ওয়ার্ল্ড, আবাদানি, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক এলাকা, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগঞ্জ, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীররগাঁও, ছালিয়া, রঙ্গটিলা, সালুটিকর ঘাট ও আশপাশের এলাকা।
এদিকে শনিবার নাটোরের বেশকিছু এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি’র (নেসকো) নাটোর দপ্তর জানিয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে লাইনের পাশের গাছের ডালপালা কাটার জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চৌকিরপাড় ফিডার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অন্যদিকে শনিবার কুড়িগ্রামের নাগেশ্বরী ও নাখারগঞ্জ এলাকায় মেইন লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির নাগেশ্বরী জোনাল অফিস জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ঝড়-বৃষ্টির কারণে লাইনের পাশে থাকা গাছের ডালপালা বিদ্যুতের মূল লাইনে পড়ে প্রায়ই সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটছে। এতে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা ব্যাহত হচ্ছে।
ফলে লাইন নিরাপদ রাখতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লাইনের পাশে থাকা গাছের ডালপালা অপসারণসহ অন্যান্য রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এতে শনিবার উল্লেখিত সময়ে লালমনিরহাট থেকে নাগেশ্বরী ও নাখারগঞ্জ- এই দু’টি সাব-স্টেশনের মেইন লাইনে সংস্কার কাজ চলাকালে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অন্যদিকে জরুরি উন্নয়নমূলক কাজের জন্য শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে নেসকো’র চাঁপাইনবাবগঞ্জ দপ্তর জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক প্রশস্তকরণে শিবগঞ্জ ৩৩ কেভি লাইন স্থানান্তর কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকাগুলোয় বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। জরুরি মেরামত ও উন্নয়নমূলক কাজের স্বার্থে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশও করেছে কর্তৃপক্ষ।