আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহসভাপতি পদে বাংলাদেশ, জেনেভায় কূটনৈতিক সাফল্য

২ জুন ২০২৬ - ০৮:০৬ পূর্বাহ্ণ
 0
আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহসভাপতি পদে বাংলাদেশ, জেনেভায় কূটনৈতিক সাফল্য

জেনেভায় শুরু হওয়া ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের (আইএলও) সহসভাপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এ পদে নির্বাচিত হয়েছেন জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত নাহিদা সোবহান।

সোমবার (১ জুন) জেনেভায় শুরু হওয়া সম্মেলনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জুয়ান কাস্টিলো। সহসভাপতি হিসেবে বাংলাদেশের প্রতিনিধি ছাড়াও দায়িত্ব পেয়েছেন জেরার্ডো মার্টিনেজ এবং ক্রিস্টেন কফম্যান।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, আন্তর্জাতিক শ্রম সংস্থার ১৮৭ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সর্বসম্মত সমর্থনে এ নির্বাচনের মাধ্যমে বৈশ্বিক শ্রম ব্যবস্থাপনায় বাংলাদেশের নেতৃত্ব, শ্রমিক অধিকার, শোভন কর্মসংস্থান ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারের প্রতিশ্রুতির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা প্রতিফলিত হয়েছে।

এ নির্বাচনের মধ্য দিয়ে পরিবর্তনশীল বৈশ্বিক শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিক কূটনীতি জোরদারে বাংলাদেশের ভূমিকারও আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে বলে মনে করা হচ্ছে।

সহসভাপতি হিসেবে বাংলাদেশ শ্রমিক অধিকার, কর্মসংস্থান ও শ্রমবিষয়ক বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে সদস্য রাষ্ট্র ও অংশীজনদের মধ্যে নীতিগত ঐক্যমত গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আন্তর্জাতিক শ্রম সম্মেলন আইএলওর সর্বোচ্চ নীতিনির্ধারণী ও সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম। ‘বিশ্বের শ্রম সংসদ’ হিসেবে পরিচিত এ সম্মেলনে প্রতিবছর বিভিন্ন দেশের সরকার, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা অংশ নেন। এ বছর সম্মেলনে প্রায় পাঁচ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করছেন।