স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা নিহত অন্তত ৫০ জন

২৮ অক্টোবর ২০২৬ - ১১:৫৭ পূর্বাহ্ণ
 0
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা নিহত অন্তত ৫০ জন

স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। বুধবার সকালে রাজধানী মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়াগামী রেলপথে এ দুর্ঘটনা ঘটে। দেশটির রেল পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে, দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে আন্দালুসিয়াগামী উচ্চগতির রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর রেনফে ও ইরিও পরিচালিত দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ইরিওর দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার কারণ ও আহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে আঞ্চলিক সরকারের একটি সূত্র অন্তত ৫০ জনের মৃত্যুর খবর জানিয়েছে।

দুর্ঘটনাস্থলের ভিডিওতে লাইনচ্যুত একটি ট্রেনের বগিকে উঁচু রেলপথের ওপর আটকে থাকতে দেখা যায়। আশপাশে ছড়িয়ে ছিল দুমড়েমুচড়ে যাওয়া ধাতব অংশ, ভাঙা প্যানেল ও ট্রেনের বিভিন্ন ধ্বংসাবশেষ। এদিকে, উদ্ধারকাজে সহায়তা এবং যাত্রীদের আশ্রয়ের ব্যবস্থা করতে স্থানীয় কর্তৃপক্ষকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। নিকটবর্তী উর্দা শহরের মেয়র ম্যানুয়েল গালান জানান, জরুরি সেবাকর্মীদের নির্দেশনা অনুযায়ী একটি ক্রীড়া হলসহ জরুরি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ দুর্ঘটনার পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তাঁর দিনের কর্মসূচি বাতিল করেছেন। বিরোধী দল পিপলস পার্টিও সব নির্বাচনি প্রচার অনুষ্ঠান স্থগিত করেছে বলে দলটির এক মুখপাত্র জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে একই রেলপথে ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছিল। নতুন এই দুর্ঘটনার পর দেশটির রেলপথের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে।