শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ঘোষণা

২৮ অক্টোবর ২০২৬ - ১১:৫৪ পূর্বাহ্ণ
 0
শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ঘোষণা

গোপালগঞ্জে ১২ বছর বয়সী শিশু তালহা ওরফে মুহিন হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে গোপালগঞ্জ শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আমিন উদ্দিন ও শিহাব মোল্লা। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শাওন মোল্লা পলাতক রয়েছেন। এ মামলার অপর আসামি লেয়াকত আলী মোল্লাকে খালাস দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের মানজুরুল ইসলামের ১২ বছর বয়সী ছেলে তালহা ওরফে মুহিন মাছ ধরা দেখতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ২৪ ফেব্রুয়ারি রাতে আমিন উদ্দিনের ঘরে থাকা একটি ট্রাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা চারজনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত শিশুর বাবা ও রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা।