ভোট গণনা ৮৪.৫ শতাংশ কে হচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী?
ইসরায়েলের নির্বাচনে ৮৪ দশমিক ৫ শতাংশ ভোট গণনা শেষ হলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি কোনো জোট। আংশিক ফলাফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ১২০ সদস্যের নেসেটে ৫৪টি আসন পেতে পারে। অন্যদিকে, বিরোধী নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট পেতে পারে ৪৯টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। ফলে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
‘দ্য টাইমস অব ইসরায়েল’-এর প্রতিবেদনে কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৭টি আসন পেয়ে এগিয়ে রয়েছে। আর আইজেনকোটের ইয়াশার পার্টি পেতে পারে ২২টি আসন। এ ছাড়া টুগেদার জোট ১২টি, ডেমোক্র্যাটস পার্টি আটটি এবং ইসরায়েল বেইতেইনু সাতটি আসন পেতে পারে।
ধর্মীয় ও ডানপন্থী দলগুলোর মধ্যে শাস, ইউনাইটেড তোরাহ জুদাইজম এবং ওতজমা ইহুদিৎ সাতটি করে আসন পেতে পারে। অন্যদিকে, রিলিজিয়াস জায়োনিজম পেতে পারে ছয়টি আসন।
এদিকে, আরব-প্রধান জয়েন্ট লিস্ট ১১টি এবং ইউনাইটেড আরব লিস্ট ছয়টি আসন পেতে পারে বলে আংশিক ফলাফলে ধারণা করা হচ্ছে। ফলে সরকার গঠনের সমীকরণে আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে কোন পক্ষ তাদের সমর্থন পাবে, কিংবা কোনো জোট গঠনের সমঝোতা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। রাজনৈতিক মতপার্থক্যের কারণে সরকার গঠনের আলোচনা আরও জটিল হয়ে উঠতে পারে।