ট্রাফিক শেখাতে নতুন দুই বই আসছে ২০২৭ সালে
নতুন বছরে ট্রাফিক ব্যবস্থা নিয়ে যুক্ত হচ্ছে দুটি সম্পূরক বই: শিক্ষামন্ত্রী
২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য চারটি নতুন বই যুক্ত করার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে আরও দুটি সম্পূরক বই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ নামে চারটি নতুন বই যুক্ত করা হচ্ছে। পাশাপাশি দেশের বিভাগীয় শহর, সিটি করপোরেশন ও জেলা শহরগুলোর পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে ধারণা দিতে দুটি সম্পূরক বই দেওয়া হবে। তিনি আরও জানান, ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে এবং বইয়ের মানের বিষয়ে কোনো আপস করা হবে না।
এ সময় মন্ত্রী আগামী ৩১ অক্টোবর সকাল ১১টায় এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের কথা জানান। তিনি বলেন, দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে সরকার কাজ করছে। শিক্ষা খাতে জিডিপির দুই শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে, আর এই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি অপচয় রোধ করতে হবে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপি তৈরির কাজ চলছে বলেও জানান তিনি। প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে গবেষণায় বিশেষ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক ও ১৯ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।