মক্কা-মদিনায় হুমকি! কড়া বার্তা দিল বাংলাদেশ
মক্কা-মদিনার ওপর হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ
পবিত্র মক্কা ও মদিনার ওপর কোনো ধরনের হুমকি এলে বাংলাদেশ নীরব দর্শক হয়ে থাকবে না—এমন কড়া বার্তা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, মক্কা ও মদিনা শুধু সৌদি আরবের নয়, বিশ্বের কোটি কোটি মুসলমানের আবেগ, বিশ্বাস ও ঐক্যের প্রতীক। তাই এই দুই পবিত্র নগরীর নিরাপত্তার বিষয়টি বাংলাদেশের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সোমবার দুপুরে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) প্রাঙ্গণে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আলোচনায় উঠে আসে ‘মক্কা প্যাক্ট’ বা সংশ্লিষ্ট জোটে বাংলাদেশের যোগদান এবং সৌদি আরবের পক্ষ থেকে সেনা চাওয়া হলে বাংলাদেশ কী সিদ্ধান্ত নেবে, সেই প্রসঙ্গও। জবাবে শামা ওবায়েদ জানান, বাংলাদেশ এখনো ওই জোটে যোগ দেয়নি। আনুষ্ঠানিকভাবে যোগদানের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সেনা পাঠানোর প্রশ্নও আসছে না। অর্থাৎ, এই মুহূর্তে সৌদি আরবে সেনা পাঠানোর কোনো সিদ্ধান্ত নেই।
তবে সৌদি আরবের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সমর্থনের বিষয়টি স্পষ্ট করে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, কঠিন সময়ে সৌদি আরবের পাশে রয়েছে বাংলাদেশ। একই সঙ্গে চলমান হামলা বন্ধ করে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানাচ্ছে সরকার।
শামা ওবায়েদ আরও জানান, সৌদি আরবের ক্রাউন প্রিন্সের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি বিশেষ চিঠি পাঠানো হয়েছে। সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন এবং সংহতির বার্তাও তুলে ধরেন তিনি।
এদিকে সৌদি আরবের তেল শোধনাগারে হুতি বিদ্রোহীদের হামলার পর বাংলাদেশের জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই মুহূর্তে জ্বালানি খাতে বড় ধরনের সংকটের আশঙ্কা দেখছে না সরকার। তাঁর ভাষ্য, আগাম প্রস্তুতি ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে।
তিনি জানান, জ্বালানি প্রতিমন্ত্রী বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সরকারের প্রস্তুতির কারণে দেশে জ্বালানি সরবরাহে বড় ধরনের সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে, গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত এবং ২৪ জনের বেশি আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন শামা ওবায়েদ। আহতদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।
চলমান সংঘাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় উদ্বেগ জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অবিলম্বে হামলা ও সহিংসতা বন্ধের আহ্বান জানান। তাঁর বক্তব্যে একদিকে সৌদি আরবের প্রতি বাংলাদেশের সমর্থন, অন্যদিকে দেশের জ্বালানি নিরাপত্তা এবং প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব পেয়েছে।