ভিডিও ফাঁসের পর আতঙ্ক ৪ দিন ঘরবন্দি রাধিকা
৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা, কী ঘটেছিল
একটি অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও অনুমতি ছাড়া ফাঁস হওয়ার পর ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। এমনকি নিরাপত্তার আশঙ্কায় টানা চার দিন বাড়ি থেকে বের হতে পারেননি তিনি।
সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’-এ অভিনয় করা রাধিকা অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে পুরনো সেই ঘটনার কথা জানান।
রাধিকার দাবি, অনুমতি ছাড়া ফাঁস হওয়া ভিডিওটি ধীরে ধীরে তার ব্যক্তিগত পরিসরেও ছড়িয়ে পড়ে। এমনকি অচেনা কেউ তার বাড়ির সামনে চলে আসতে পারেন—এমন আশঙ্কাও তৈরি হয়েছিল তার মধ্যে।
অভিনেত্রী জানান, তার রূপটান শিল্পীর গাড়িচালক থেকে শুরু করে বাড়ির নিরাপত্তারক্ষীর কাছেও ভিডিওটি পৌঁছে যায়। সে সময় তিনি একাই একটি ফ্ল্যাটে থাকতেন। ফলে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়।
পরিস্থিতি সামাল দিতে নিজের টিমের সদস্যদের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেন রাধিকা। গাড়িচালক ও স্পটবয়কে তিনি স্পষ্ট করে জানান, ওই ঘটনার পরও তারা যদি তার সঙ্গে স্বাভাবিকভাবে কাজ করতে পারেন এবং তাকে নিরাপত্তা দিতে পারেন, তবেই যেন কাজ চালিয়ে যান। পরে তারা দুজনই তাকে পাশে থাকার আশ্বাস দেন।
রাধিকার ভাষ্য, ওই ঘটনায় তিনি খুব ভয় পেয়েছিলেন। তার মতে, ক্যামেরার সামনে কোনো দৃশ্যে সম্মতি দেওয়া আর সেই দৃশ্য অনুমতি ছাড়া ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি সামলানো—দুটি সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা।
রাধিকার এই অভিজ্ঞতা আবারও সামনে এনেছে অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অভিনেতার সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার গুরুত্ব।