বায়তুল মোকাররমে ইসলামী বইমেলা শুরু
আজ থেকে বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামী বইমেলা।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ বইমেলা চলবে আগামী এক মাস। বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে বসছে এ আয়োজন।
এবারের বইমেলায় দেশি-বিদেশি ২০৬টি প্রকাশনা প্রতিষ্ঠান ও ইসলামী বইয়ের প্রকাশক অংশ নিচ্ছেন। মেলায় পবিত্র কোরআন, তাফসির, হাদিস, সিরাত, ইসলামের ইতিহাস, দর্শন, গবেষণা ও ধর্মীয় সাহিত্যসহ বিভিন্ন বিষয়ের বই পাওয়া যাবে।
পাশাপাশি শিশু-কিশোরদের উপযোগী ইসলামী বইয়েরও বিশেষ আয়োজন থাকছে। পাঠকরা বিভিন্ন প্রকাশনীর নতুন ও পুরোনো বই দেখার পাশাপাশি পছন্দের বই সংগ্রহ করতে পারবেন।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, পাঠক, লেখক ও প্রকাশকদের মিলনমেলায় পরিণত করার লক্ষ্যেই মাসব্যাপী এ আয়োজন করা হয়েছে। ইসলামী জ্ঞানচর্চা ও বই পড়ার অভ্যাস বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মের কাছে কোরআন, হাদিস ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ তুলে ধরতেও এ বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।