পর্নোগ্রাফি বৈধ করে আয় বছরে ২৫ মিলিয়ন ডলার!
পর্নোগ্রাফি বৈধ করে বছরে ২৫ মিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের ব্যয় মেটাতে নতুন রাজস্বের উৎস খুঁজছে ইউক্রেন। এরই অংশ হিসেবে বর্তমানে অবৈধ থাকা পর্নোগ্রাফি শিল্পকে বৈধ করে এর ওপর কর আরোপের প্রস্তাব বিবেচনা করছে দেশটি।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবটি বাস্তবায়ন হলে এই খাত থেকে বছরে প্রায় ২ কোটি ৫০ লাখ ডলার অতিরিক্ত রাজস্ব পেতে পারে ইউক্রেন।
সংসদের অর্থ কমিটির চেয়ারম্যান ও বিলটির অন্যতম প্রস্তাবক ইয়ারোস্লাভ জেলেজনিয়াকের দাবি, এই অর্থ দিয়ে প্রায় ৩০ হাজার ড্রোন কেনা সম্ভব।
তবে ইউক্রেনের মোট যুদ্ধ ব্যয়ের তুলনায় এই অর্থ খুবই সামান্য। দেশটির হিসাব অনুযায়ী, প্রতিরক্ষা খাতে বছরে প্রায় ১২ হাজার কোটি ডলার প্রয়োজন। তারপরও যুদ্ধের সময় অতিরিক্ত রাজস্বকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আইনপ্রণেতারা।
ইউক্রেনে অনলাইন অ্যাডাল্ট কনটেন্টের বাজার দ্রুত বাড়লেও দেশটির আইনে পর্নোগ্রাফি তৈরি ও বিতরণ এখনো বেআইনি। ফলে এই খাতের কনটেন্ট ক্রিয়েটররা আয় ঘোষণা করলে ফৌজদারি মামলার ঝুঁকিতে পড়তে পারেন।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে প্রায় ৭ হাজার ৯০০ ইউক্রেনীয় অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ১৩ কোটি ১০ লাখ ডলারের বেশি আয় করেছেন। এ তথ্য থেকে দেশটির অ্যাডাল্ট কনটেন্ট শিল্পের বড় অর্থনৈতিক পরিসর সম্পর্কে ধারণা পাওয়া যায়।
এদিকে কর আদায়ের উদ্যোগ নিতে গিয়ে কিছু কনটেন্ট ক্রিয়েটর আইনি জটিলতায় পড়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অ্যাডাল্ট কনটেন্ট ব্যবসার সঙ্গে জড়িতদের কাছ থেকে সরকারি কর্মকর্তাদের ঘুষ নেওয়ার অভিযোগও সামনে এসেছে।
সব মিলিয়ে, যুদ্ধের বিশাল ব্যয়ের তুলনায় প্রস্তাবিত রাজস্ব খুব বেশি না হলেও অবৈধ একটি খাতকে বৈধ করে করের আওতায় আনার পরিকল্পনা ইউক্রেনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।