রোববার ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি নিজ জেলায় প্রথম সফরে ব্যস্ত ঠাকুরগাঁও
রোববার নিজ শহর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী রোববার (৬ সেপ্টেম্বর) নিজ শহর ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই তার প্রথম সফর।
সফরের প্রথম দিন তিনি একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পরদিন সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে।
এ ছাড়া সংক্ষিপ্ত এ সফরে রাষ্ট্রপতি তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। কর্মসূচি অনুযায়ী, ৭ সেপ্টেম্বরই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
রাষ্ট্রপতির সফরকে ঘিরে ঠাকুরগাঁওজুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সফরের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে শহরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও সরকারি দপ্তরগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। বিভিন্ন স্থানে রং করার পাশাপাশি সাজসজ্জার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু বলেন, রাষ্ট্রপতির নিজ জেলায় আগমনকে ঘিরে তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহ তৈরি হয়েছে। তাকে একনজর দেখার জন্য স্থানীয়রা অপেক্ষা করছেন।