‘চাঁদাবাজির অভিযোগে’ ডিবি হেফাজতে এমপিপুত্র, যুবদল থেকে বহিষ্কার
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এই কারণে তাকে জাতীয়তাবাদী যুবদল থেকেও বহিষ্কার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন খায়রুল। রোববার (২১ জুন) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি (দপ্তরের দায়িত্বে) নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে যুবদল জানায়, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে খায়রুলের প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এ সিদ্ধান্ত কার্যকর করেছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। বিজ্ঞপ্তিতে যুবদল জানায়, বহিষ্কৃতদের কোনো অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, খায়রুলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে, এগুলো যাচাই-বাছাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
