ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন নীতিমালা! কোথায় চলবে, ঠিক করবে সরকার

২৫ আগস্ট ২০২৬ - ১২:১৬ অপরাহ্ণ
 0
ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন নীতিমালা! কোথায় চলবে, ঠিক করবে সরকার

রাজধানীর প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে দ্রুত নতুন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার।

নতুন নীতিমালায় ব্যাটারিচালিত রিকশা কোথায় এবং কতটুকু চলাচল করতে পারবে, এসব যানবাহনের মান ও কারিগরি সক্ষমতা কেমন হতে হবে এবং চালকদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় নির্ধারণ করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীর বড় ও প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশার চলাচল বেড়েছে। এতে সাধারণ মানুষের যাতায়াতে কিছুটা সুবিধা হলেও একই সঙ্গে যানজটসহ নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে।

তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশার চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ঘাটতি রয়েছে। পাশাপাশি এসব যানবাহন কারিগরিভাবে কতটা নিরাপদ এবং মানসম্মত, সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

সরকার দ্রুত এ বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন করবে জানিয়ে তিনি বলেন, কোন এলাকায় এসব রিকশা চলতে পারবে এবং কতটুকু চলাচলের অনুমতি থাকবে, তা নির্ধারণ করা হবে।

এ ছাড়া ব্যাটারিচালিত রিকশার কারিগরি মান, নিরাপত্তা, সক্ষমতা এবং চালকদের প্রশিক্ষণের বিষয়ও নীতিমালায় অন্তর্ভুক্ত থাকবে।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার চলাচলে শৃঙ্খলা ফিরবে এবং যানজট ও নিরাপত্তাজনিত সমস্যাও কমবে বলে আশা করা হচ্ছে।