বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে প্রকাশ্যে সমর্থন নেতানিয়াহুর

১৯ জুলাই ২০২৬ - ১৩:৫৯ অপরাহ্ণ
 0
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে প্রকাশ্যে সমর্থন নেতানিয়াহুর

বিশ্বকাপের ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা প্রকাশ্যে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশ তাকে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একটি অফিসিয়াল জার্সি উপহার দেন। প্রতিবেদন আরব নিউজের। 

শনিবার (১৮ জুলাই) প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ওয়াহনিশ নেতানিয়াহুর হাতে জার্সিটি তুলে দিয়ে হিব্রু ভাষায় রসিকতা করে বলেন, ‘এটাই শেষ জার্সি ছিল, কারণ সব জার্সিই বিক্রি হয়ে গেছে।’

এরপর ওয়াহনিশ নেতানিয়াহুকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর একটি অডিও বার্তা শোনান। ওই বার্তায় মিলেই নেতানিয়াহুর সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানান এবং বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পক্ষে অবস্থান নেয়ায় সন্তোষ প্রকাশ করেন।

প্রতিক্রিয়ায় নেতানিয়াহু জানান, তিনি কখনোই আর্জেন্টিনার সমর্থক হওয়ার বিষয়টি লুকিয়ে রাখেন না। তার ভাষায়, ইসরায়েলের অধিকাংশ নাগরিকও আর্জেন্টিনাকে সমর্থন করেন।

তিনি বলেন, ‘আমি লুকাই না যে আমি আর্জেন্টিনার একজন সমর্থক। আমার মনে হয়, ইসরায়েলের বেশিরভাগ নাগরিকও তাই। কারণ প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই আর্জেন্টিনা ও ইসরায়েলের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। আমাদের এর চেয়ে ভালো বন্ধু আর নেই। তাই আমরা আর্জেন্টিনাকে সমর্থন করি।’

আজ রোববার দিবাগত রাতে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন।