'ইউএন-কপস' সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

৫ জুলাই ২০২৬ - ০৭:১৭ পূর্বাহ্ণ
 0
'ইউএন-কপস' সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম ইউএন পুলিশ প্রধানদের সম্মেলন (ইউএন-কপস)-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুই দিনব্যাপী এ সম্মেলনে তিনি পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৮ জুলাই অনুষ্ঠিতব্য এ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনসহ বিভিন্ন প্লেনারি সেশনে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবারের সম্মেলনে জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা, পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তির ব্যবহার এবং আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি তিনি সম্মেলনের সাইডলাইন উচ্চপর্যায়ের নৈশভোজেও অংশ নেবেন।

সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের অপারেশনাল সাপোর্টবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনসবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া এবং পলিটিক্যাল ও পিস বিল্ডিংবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লো-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

বৈঠকগুলোতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন, শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ অগ্রাধিকার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।প্রতিনিধিদলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির-সহ মোট পাঁচজন সদস্য।

স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৫ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন। সফর শেষে আগামী ১২ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।