ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ, সোমবার থেকে ছুটি শুরু
পবিত্র ঈদুল আজহার আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ। রোববার (২৪ মে) অফিস শেষে সোমবার (২৫ মে) থেকেই শুরু হচ্ছে ঈদুল আজহার টানা ছুটি। লম্বা এই ছুটি চলবে আগামী ৩১ মে পর্যন্ত।
এর আগে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী ২৮ মে ঈদুল আজহার তারিখ ধরে ৬ দিনের সরকারি ছুটি ঘোষণা করা ছিল। ওই তালিকা অনুযায়ী ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং ঈদের পরে ২৯, ৩০ ও ৩১ মে এই ছুটি ঘোষণা করা ছিল। তবে অতীত অভিজ্ঞতার আলোকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।
ওইদিন মন্ত্রিসভা বৈঠকে ২৫ মে ছুটি ঘোষণার পাশাপাশি ঈদের আগে সাপ্তাহিক ছুটির মধ্যে একদিন অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী শনিবার (২৩ মে) দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা ছিল। তবে আজ অফিসগুলোয় শেষ কর্মদিবস হওয়ায় সোমবার (২৫ মে) থেকে ঈদুল আজহার টানা ৭ দিনের ছুটি শুরু হচ্ছে।