মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানকে পাহাড়সম লক্ষ্য দিলো বাংলাদেশ

১৮ মে ২০২৬ - ১৩:২২ অপরাহ্ণ
 0
মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানকে পাহাড়সম লক্ষ্য দিলো বাংলাদেশ

ঢাকা টেস্ট জয়ের পর এবার সিলেট টেস্ট জয়ের হাতছানি। সিরিজের শেষ টেস্ট জিততে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ১৩৭ রানের ওপর ভর করে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো স্বাগতিক বাংলাদেশ। 

প্রথম ইনিংস থেকে পাওয়া ৪৬ রানের লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংসে ১০২.২ ওভার ব্যাট করে ৩৯০ রানে অলআউট হয় বাংলাদেশ। মুশফিক ১৩৭ রানের নান্দনিক ইনিংস খেলেন। টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ ও পাকিস্তান ২৩২ রান করেছিল। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১১০ করেছিল বাংলাদেশ।

তৃতীয় দিন বাংলাদেশকে বড় লিড এনে দিতে পঞ্চম উইকেটে লিটন দাসের সাথে ১২৩, সপ্তম উইকেটে তাইজুল ইসলামের সাথে ৭৭ রানের জুটি গড়েন মুশফিক। সেই সাথে টেস্টে ১৪তম সেঞ্চুরিও পূর্ণ করেন তিনি। এই শতকে মোমিনুল হককে টপকে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হন মুশি। 

শেষ ব্যাটার হিসেবে মুশফিক আউট হলে ৩৯০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১২টি চার ও ১টি ছক্কায় ২৩৩ বলে ১৩৭ রান করেন মুশফিক। 

এছাড়া লিটন ৬৯ ও মাহমুদুল হাসান জয় ৫২ ও তাইজুল ২২ রান করেন।

পাকিস্তানের খুররাম শাহজাদ ৪টি, সাজিদ খান ৩টি ও হাসান আলি ২টি উইকেট নেন।