সরকারের প্রতি মানুষের আস্থা কিছুদিনের মধ্যে নাই হয়ে যাবে: হাসনাত আবদুল্লাহ

১৭ মে ২০২৬ - ১৩:৩৭ অপরাহ্ণ
 0
সরকারের প্রতি মানুষের আস্থা কিছুদিনের মধ্যে নাই হয়ে যাবে: হাসনাত আবদুল্লাহ

আইনশৃঙ্খলা পরিস্থিতির যেভাবে অবনতি হচ্ছে এই ধারা যদি অব্যাহত থাকে, তবে সরকারের প্রতি মানুষের আস্থা কিছুদিনের মধ্যে নাই হয়ে যাবে। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

রোববার (১৭ মে) বেলা ১১টায় কুমিল্লার মেঘনায় এনসিপির পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘এই সরকারের অনেক গুন, মেঘনা উপজেলায় ৩ মাসে ৪ খুন। স্ত্রী তার স্বামীর বিচার চাচ্ছে, সন্তান তার বাবার খুনের বিচার চাচ্ছে। এই হত্যার বিচার করবে কারা। এই সরকারের আইনশৃঙ্খলা যেভাবে অবনতি হচ্ছে, এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে এই সরকার নাই হয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর পক্ষে কথা বলেন, কিন্তু তিনি আসলে নিজের স্বরাষ্ট্রমন্ত্রণালয় নিয়েই কোনও চিন্তা নাই। 

মেঘনা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত পদযাত্রা অনুষ্ঠানে এনসিপি মেঘনা উপজেলার প্রধান সমন্বয়ক এম কে রশিদ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম-মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহসহ জেলার নেতৃবৃন্দরা।

পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক প্রধান অতিথি এমপি হাসনাত আবদুল্লাহ’র হাত ধরে বিভিন্ন দল থেকে আসা ১০০ নেতা-কর্মী মেঘনা উপজেলা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেন।