সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

১০ মে ২০২৬ - ১৮:০১ অপরাহ্ণ
 0
সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) একটি বিয়ের অনুষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে চমক দেয়ার পরদিন এবার নবদম্পতির জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১০ মে) প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নবদম্পতির গুলশানের বাসায় এই উপহার পৌঁছে দেয়া হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিকেলে উপহার সামগ্রী নিয়ে গুলশানের ওই বাসায় যান। এ সময় তিনি নবদম্পতি ও তাদের পরিবারের সদস্যদের কাছে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন।

সরকারপ্রধানের কাছ থেকে এমন আন্তরিক উপহার ও শুভেচ্ছা পেয়ে অভিভূত নবদম্পতি ও তাদের স্বজনরা। পরিবারের সদস্যরা জানান, প্রধানমন্ত্রীর এই সৌজন্যবোধ তাদের জন্য বড় প্রাপ্তি। তারা প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এর আগে শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) বিএনপির দিনব্যাপী একটি সভা শেষে একই স্থানে চলমান একটি বিয়ের অনুষ্ঠানে হুট করেই হাজির হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আকস্মিক উপস্থিতিতে পুরো অনুষ্ঠানজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রী যখন বিয়ের প্যান্ডেলে প্রবেশ করেন, তখনো বর এসে পৌঁছাননি। তিনি সরাসরি কনের আসনে গিয়ে নববধূর সঙ্গে কুশল বিনিময় করেন এবং উপস্থিত আত্মীয়স্বজনদের খোঁজখবর নেন। অনুষ্ঠানস্থলে উপস্থিত সাধারণ মানুষ ও আমন্ত্রিত অতিথিরা সরকারপ্রধানকে এত কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

রাষ্ট্রীয় দায়িত্ব ও ব্যস্ত সূচির মাঝেও একজন সাধারণ নাগরিকের সামাজিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। নবদম্পতির পরিবার এটিকে সাধারণ মানুষের সঙ্গে সরকারপ্রধানের নিবিড় সম্পৃক্ততার এক অনন্য ও ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে দেখছেন।