সৎ সাংবাদিকতা নিশ্চিতে কালো টাকার মালিকদের থেকে মিডিয়াকে নিরাপত্তা দিতে হবে
সৎ সাংবাদিকতা করতে হলে, আগামীতে কালো টাকার মালিকদের থেকে মিডিয়াকে নিরাপত্তা দিতে হবে বলে মন্তব্য করেছেন টাইমস মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের চাকরির নিরাপত্তার বিষয়েও জোর দেন তিনি। শনিবার (৯ মে) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’-এর শেষ দিনের দ্বিতীয় সেশনে এ মন্তব্য করেন তিনি।
অনুসন্ধানী সাংবাদিকতা করতে হলে দীর্ঘ সময় ও নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজন হয় উল্লেখ করে তিনি আরও বলেন, কোনো দুর্নীতির তথ্য প্রকাশের আগে সাংবাদিকদের সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নিতে হয়। আর তখন থেকেই চাপ শুরু হয়। তিনি বলেন, যার বিরুদ্ধে সংবাদ হবে, প্রথম ফোনটাই আসে আমার কাছে; যেন কোনোভাবেই সংবাদটি প্রকাশ না করা হয়। সরাসরি চাপ দিয়ে কাজ না হলে অনেক সময় প্রভাবশালী মহল, গোয়েন্দা সংস্থা কিংবা সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদেরও ব্যবহার করা হয়।
এমন সমস্যা সমাধানের পথ কী—জবাবে এ কে আজাদ বলেন, যদি আপনারা আমাকে প্রটেকশন দিতে পারেন যে আমি ব্যবসায়িকভাবে কোনো হয়রানির শিকার হব না, আমাকে গ্রেপ্তার করা হবে না, আমার কলকারখানা চালাতে বাধাগ্রস্ত করা হবে না—এই নিশ্চয়তা পেলে আমি তো আর আপনাদের গলা টিপে ধরব না, সাংবাদিকদের হাত চেপে ধরব না।
উল্লেখ্য, রাজধানী ঢাকায় এই প্রথমবার আয়োজন করা হয় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স’। শুক্রবার (৮ মে) সকালে রাজধানীর র্যাডিশন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, পর্তুগালসহ ১০টি দেশের মোট ৫৪৭ জন সাংবাদিক, গণমাধ্যম বিশেষজ্ঞ ও গবেষক অংশ নিয়েছেন। মিডিয়া রিসার্চ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) ২৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এ সম্মেলনে ১২টি সেশনে দেশি-বিদেশি ২০ জন বিশেষজ্ঞ অনুসন্ধানী সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহিতা, নিরাপত্তা ও পেশাগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।