সিলেটে বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

২ মে ২০২৬ - ১১:৩০ পূর্বাহ্ণ
 0
সিলেটে বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

সিলেটের চাঁদনি ঘাটে সুরমা নদীর উভয় পাড়ের সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ১১টায় চাঁদনি ঘাটে এই প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান। এ ছাড়াও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন।

এ সময় সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রীর কাছে এই প্রকল্পের বিষয়বস্তু তুলে ধরেন।

প্রধানমন্ত্রী এর আগে সিলেটে এসে প্রথমেই হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। এর আগে, রাজধানীর গুলশানের বাসা থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে সকাল ৯টা ২০ মিনিটে আকাশপথে সিলেটের উদ্দেশে যাত্রা করেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।