তারেক রহমানের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: প্রেস সচিব

২৬ এপ্রিল ২০২৬ - ০৮:৩৬ পূর্বাহ্ণ
 0
তারেক রহমানের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: প্রেস সচিব

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী জানিয়েছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ২০০৪ সালে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন। সেই বছর তারেক রহমান যুক্তরাষ্ট্রে বিল গেটসের সঙ্গে দেখা করেন এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বিল গেটস ঝটিকা সফরে এখানে এসেছিলেন।’

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে ‘বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ গঠন : টেলিকম, ডেটা ও সাইবার সুরক্ষা বিল ২০২৬’ শীর্ষক নীতি সংলাপে তিনি এসব কথা জানান।

গালিগালাজ কখনও বাকস্বাধীনতা হতে পারে না উল্লেখ করে প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী সবসময় বলেন আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র চেয়েছি। কিন্তু গত কয়েক দিন অনলাইনে যেসব ভাষা ব্যবহার করে একটি দল সমালোচনা করছে; সেগুলো মানুষের ভাষা নয়। গালিগালাজ কখনও বাকস্বাধীনতা হতে পারে না।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিআইএসএ সভাপতি ফয়সাল আলিমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এবং বিআইএসএ-এর প্রধান উপদেষ্টা মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক।