সরকার থেকে পাওয়া অনুদান আত্মসাতের অভিযোগ অসত্য ও ভিত্তিহীন: রিফাত রশিদ
গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা চালানোর জন্য সরকার থেকে পাওয়া অনুদানের তথ্য গোপন করে অর্থ আত্মসাতের অভিযোগকে অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছেন সংগঠনটির সাবেক সভাপতি রিফাত রশিদ। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এমনটা দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, আমাদের কাছে সম্পূর্ণ অর্থের হিসাব রয়েছে। ক্যাম্পেইনে খরচ করার পর আমরা বাংলাদেশ ব্যাংকের অডিট ফার্ম দিয়ে পুরো কার্যক্রমের অডিট পরিচালনা করেছি। পরবর্তীতে সেই অডিট আমরা কেন্দ্রীয় ব্যাংকের কাছে উপস্থাপন করেছি এবং তারা সেটি গ্রহণ করেছে। এখানে অর্থ আত্মসাতের মতো কোনো বিষয় থাকলে বাংলাদেশ ব্যাংক এতদিন চুপ থাকত না। সুতরাং, কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তাই আমরা গণমাধ্যমের মাধ্যমে জাতির সামনে এই মিথ্যা অভিযোগের বিষয়টি স্পষ্ট করছি।