সৌদি পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ জন হজযাত্রী
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ জন বাংলাদেশি। মোট ৬৩টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছান তারা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
এছাড়াও সৌদি এয়ারলাইনস পরিচালিত ২৩টি ফ্লাইটে জেদ্দায় পৌঁছেছেন ৮ হাজার ৫৮০ জন হজযাত্রী। সেই সঙ্গে ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ১৬টি ফ্লাইটে আরও ৬ হাজার ৮৬৫ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন।
এদিকে পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের দু’জনই পুরুষ। হজে গিয়ে মক্কায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায় হজযাত্রীদের প্রথম ফ্লাইট। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে।