শাহজালাল বিমানবন্দরে চালু হচ্ছে নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার, উদ্বোধন সোমবার
আকাশপথে ফ্লাইট পরিচালনা ব্যবস্থা আরও আধুনিক ও কার্যকর করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার (এটিএমসি) চালু করতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার (২০ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে অবস্থিত নতুন এই এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের (এটিএমসি) উদ্বোধনী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।