রাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের

২১ সেপ্টেম্বর ২০২৫ - ১৮:৩৬ অপরাহ্ণ
 0
রাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সোমবার (২২ সেপ্টেম্বর) মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালনেরও ঘোষণা এসেছে সংগঠনটির পক্ষ থেকে।

রাতে সংগঠনের সভাপতি অধ্যাপক মো. আব্দুল আলীম এবং সাধারণ সম্পাদক ড. মো. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি শিক্ষকদের যেভাবে লাঞ্ছিত করা হয়েছে তার নিন্দা জানিয়ে বলা হয়—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি ‘পোষ্য কোটা’ স্থগিত রাখার প্রতিবাদে পূর্ণাঙ্গ শাটডাউনের ঘোষণা দেয়। উল্লেখ্য, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তি সুবিধার জন্য দীর্ঘদিন ধরে ৪ শতাংশ কোটা চালু ছিল। তবে চলতি বছরের ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব এই কোটা বাতিল করেন। এরপর থেকেই পোষ্য কোটাকে প্রাতিষ্ঠানিক সুবিধা দাবি করে বিভিন্ন পর্যায়ে আন্দোলন করে আসছেন শিক্ষক ও কর্মচারীরা।

সর্বশেষ গত ১৭ সেপ্টেম্বর কর্মকর্তা সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দিয়ে জানানো হয়, ১৮ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ২১ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হবে। এর প্রেক্ষিতে ১৮ সেপ্টেম্বর বিকেলে জরুরি একাডেমিক কমিটির সভা বসে এবং সেখানে ১০টি শর্তসাপেক্ষে প্রাতিষ্ঠানিক সুবিধা ফেরানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

কিন্তু শিক্ষার্থীরা আবারও এই সিদ্ধান্তের বিরোধিতা করে টানা আন্দোলনে নামে। এরই ধারাবাহিকতায় শনিবার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে উপাচার্য নির্বাহী আদেশে পোষ্য কোটা স্থগিত রাখার ঘোষণা দেন। পরে রোববার বিকেলে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায়ও সেই সিদ্ধান্ত অনুমোদন করা হয়।