সৌদি আরব পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট, ৪১৯ যাত্রীকে উষ্ণ অভ্যর্থনা

১৮ এপ্রিল ২০২৬ - ১১:৩০ পূর্বাহ্ণ
 0
সৌদি আরব পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট, ৪১৯ যাত্রীকে উষ্ণ অভ্যর্থনা

সৌদি আরবে পৌঁছেছে ২০২৬ সালের হজের প্রথম ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি শনিবার (১৮ এপ্রিল) সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ৪১৯ জন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি ঢাকা থেকে রওনা হয়েছিল।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জেদ্দা বিমানবন্দরে হজযাত্রীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন ও কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম। এ সময় হজযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে ‘রিফ্রেশমেন্ট কিট’ তুলে দেয়া হয়।

এ সময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন— জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের হেড অব অপারেশন ইহাহিয়া রাদি ও হাজিদের অভ্যর্থনায় নিয়োজিত সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন।