অফিসের পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সচিবের নির্দেশ

৮ এপ্রিল ২০২৬ - ০৭:০০ পূর্বাহ্ণ
 0
অফিসের পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সচিবের নির্দেশ

অফিসে কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করা, বিদ্যুতের অপচয় রোধ এবং শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে গুরুত্ব দেয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষা সচিব আবদুল খালেক। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে শিক্ষা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন শেষে তিনি এসব নির্দেশনা দেন।

সকাল থেকেই শিক্ষা সচিব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ), শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ পরিদর্শনে যান। 

পরিদর্শনকালে তিনি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন। সচিব স্পষ্ট জানিয়ে দেন, দপ্তরের পরিবেশ সবসময় পরিচ্ছন্ন রাখতে হবে এবং দায়িত্ব পালনে আরও আন্তরিক হতে হবে। তিনি বলেন, আমাদের কাজের মানই শিক্ষাব্যবস্থার মান নির্ধারণ করে। তাই সময়মতো অফিসে উপস্থিতি এবং কাজের স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

এ সময় তিনি সরকারি সম্পদ সংরক্ষণে বিশেষ জোর দিয়ে বিদ্যুতের অপচয় রোধ ও এসির ব্যবহার সীমিত রাখার নির্দেশ দেন।

পরবর্তীতে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন সচিব। তিনি সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনার পাশাপাশি সহপাঠ কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। পরিদর্শন শেষে কলেজের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

আবদুল খালেক বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম ও সৃজনশীল কাজ একজন শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। এসব বিষয়ে আরও গুরুত্ব দিতে হবে।

শিক্ষার্থীদের দক্ষতা ও মেধা বিকাশের অগ্রগতি তদারকি করতে প্রতি মাসে অন্তত একবার তিনি নিজে অথবা তার প্রতিনিধি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে আসবেন বলে ঘোষণা দেন। নিয়মিত এই পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার ও দিকনির্দেশনা দেয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।