নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, উঠছে প্রায় ১২ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব এস এম শাকিল আখতার জানিয়েছেন, এটি চলতি অর্থবছরের নবম একনেক সভা। আগে থেকে নির্ধারিত স্থান পরিকল্পনা কমিশন চত্বরের এনইসি সম্মেলন কক্ষ হলেও জ্বালানি সাশ্রয়ের কারণে হঠাৎ করে সভার স্থান পরিবর্তন করে সচিবালয়ের মন্ত্রিসভার কক্ষে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, মোট ১৮টি প্রকল্প অনুমোদনের জন্য উত্থাপিত হবে।
উত্থাপিত প্রকল্পগুলোর মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প’ উল্লেখযোগ্য। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ছয়টি প্রকল্প এনেছে, যার মধ্যে রয়েছে সামাজিক অবকাঠামো উন্নয়ন, পল্লী উন্নয়ন, চর উন্নয়ন, সিটি করপোরেশন অবকাঠামো উন্নয়ন এবং জরুরি পানি সরবরাহ সংক্রান্ত প্রকল্প।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন সংক্রান্ত একটি সংশোধিত প্রকল্প উপস্থাপন করছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় নিয়ে এসেছে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প—শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়ন এবং মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং আধুনিকীকরণ, পাশাপাশি গোপালগঞ্জে ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প।
এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সচিবালয়ে ২১ তলাবিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণের পরিকল্পনা করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সৈনিকদের আবাসন সুবিধা বাড়াতে ব্যারাক কমপ্লেক্স নির্মাণ করবে। সড়ক ও সেতু মন্ত্রণালয়ও একাধিক বড় প্রকল্প নিয়েছে, যার মধ্যে রয়েছে মহাসড়ক সম্প্রসারণ, রাঙামাটিতে নতুন সেতু নির্মাণ এবং ময়মনসিংহে জলবায়ু-সহনশীল সেতু নির্মাণ।
এ বৈঠকে ৫০ কোটি টাকার কম ব্যয়ের ৩৩টি প্রকল্প সম্পর্কেও একনেককে অবহিত করা হবে। সংশ্লিষ্টদের মতে, নতুন সরকারের প্রথম একনেক সভার এই সিদ্ধান্তগুলো দেশের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি যোগ করবে এবং বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদি উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেবে।