কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

৫ এপ্রিল ২০২৬ - ০৮:১৩ পূর্বাহ্ণ
 0
কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। উক্ত কমিটিকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়। 

কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনস ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসানকে। অন্য সদস্যরা হলেন- ঢাকা বিভাগের উপপরিচালক ছালেহ উদ্দিন, সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, পরিদর্শক হাসানুল আলম এবং কেরানীগঞ্জ ফায়ারস্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন।

এর আগে, শনিবার বেলা একটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের কদমতলী ডিপজল গলি সড়ক এলাকার কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানার ভেতর থেকে একে একে মরদেহগুলো উদ্ধার করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে, কেরানীগঞ্জে কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় আসিফ মোল্লা (১৬) ও জিসান (১৮) নামে কারখানার দুই কর্মচারীকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের দুজনের বাড়ি মাদারীপুর জেলায়। বর্তমানে তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।