ইপিআই কর্মসূচিতে যুক্ত হয়েছে টাইফয়েড ও এইচপিভির টিকা

৩০ মার্চ ২০২৬ - ১০:০৭ পূর্বাহ্ণ
 0
ইপিআই কর্মসূচিতে যুক্ত হয়েছে টাইফয়েড ও এইচপিভির টিকা

বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় বর্তমানে ১২টি রোগের বিরুদ্ধে ৯ ধরনের টিকা প্রদান করা হচ্ছে। সম্প্রতি এই কর্মসূচিতে নতুন করে যুক্ত হয়েছে টাইফয়েড প্রতিরোধী টিসিভি (TCV) এবং জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধী এইচপিভি (HPV) টিকা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইপিআই কর্মসূচির মাধ্যমে যেসব রোগ প্রতিরোধে টিকা দেওয়া হচ্ছে, সেগুলো হলো— যক্ষ্মা, পোলিও, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টংকার, হেপাটাইটিস-বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি (হিব), নিউমোকক্কাল নিউমোনিয়া, হাম, রুবেলা, টাইফয়েড এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি)।

এ কর্মসূচির আওতায় ব্যবহৃত ৯টি টিকা হলো—

১. বিসিজি (BCG): যক্ষ্মা প্রতিরোধে।

২. ওপিভি (OPV): পোলিও প্রতিরোধ

৩. আইপিভি (IPV): পোলিও প্রতিরোধে

৪. পেন্টাভ্যালেন্ট টিকা: এতে ৫টি রোগের (ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, হেপাটাইটিস-বি এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি) প্রতিষেধক থাকে

৫. পিসিভি (PCV): নিউমোনিয়া প্রতিরোধে।

৬. এমআর (MR): হাম ও রুবেলা প্রতিরোধে

৭. টিসিভি ( TCV): টাইফয়েড প্রতিরোধে

৮. টিডি(Td): কিশোরী/প্রাপ্তবয়স্ক মহিলাদের জন্য ধনুষ্টংকার ও ডিপথেরিয়া

৯. এইচপিভি (HPV): জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে (নির্দিষ্ট বয়সের মেয়েদের জন্য)।

এর মধ্যে বিসিজি, ওপিভি, আইপিভি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি, এমআর ও টিসিভি— এই ৭টি টিকা শিশুদের জন্য নির্ধারিত। অন্যদিকে টিডি (Td) এবং এইচপিভি (HPV) টিকা কিশোরী ও প্রজননক্ষম বয়সী নারীদের জন্য প্রদান করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন টিকা সংযোজনের মাধ্যমে টিকাদান কর্মসূচি আরও বিস্তৃত হয়েছে, যা শিশু ও নারীদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।