সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা আজ

২৯ মার্চ ২০২৬ - ০৮:৩৬ পূর্বাহ্ণ
 0
সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা আজ

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নাম ঘোষণা করা হবে।

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


এ ছাড়া প্রার্থীর নাম ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত থাকার কথা রয়েছে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম এবং দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর।

সংবাদ সম্মেলনটি বাংলামোটরের রূপায়ন টাওয়ারের ১৫তলায় অবস্থিত এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হবে। দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল সংবাদমাধ্যমকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে শনিবার (২৮ মার্চ) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাধারণ সভায় অংশ নিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জ এনসিপির শক্তিশালী ঘাঁটি। এর কৃতিত্ব আপনাদের। নারায়ণগঞ্জ পরিচালনা করত মাফিয়ারা। সে মাফিয়ারা ৫ আগস্ট পালাতে বাধ্য হয়েছে।


তিনি বলেন, এখন আমাদের উদ্দেশ্য এ নারায়ণগঞ্জকে নারায়ণগঞ্জের মানুষের জন্য তৈরি করা। এখানে যেন নতুন কোনো গডফাদার তৈরি না হয়। জনগণের প্রত্যাশার প্রতিফলন দেখেছি জাতীয় সংসদ নির্বাচনে। আমাদের ছয়টি আসনের একটি এসেছে এ নারায়ণগঞ্জ থেকে।

তিনি আরও বলেন, আমাদের সংগ্রাম সংসদে ও রাজপথে থাকবে। সংসদে গিয়ে আমরা রাজপথকে ভুলে যাবো না। আমাদের শক্তি আরও বৃদ্ধি করতে হবে। নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি যেন আমার চর্চার মধ্যে আসে। আপনারা এখানে সাহসিকতার সঙ্গে সংগঠন করছেন। আপনারা এটা অব্যাহত রাখবেন। নারায়ণগঞ্জে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আপনাদের সোচ্চার থাকতে হবে। জনগণের যেন সুবিধা হয় সেই রাজনীতি করতে হবে।