ঈদযাত্রার শেষ দিনেও কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষে ভিড়
ঈদযাত্রার শেষ দিনেও ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়। শুক্রবার (২০ মার্চ) সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেশের বিভিন্ন গন্তব্যে যেতে হাজারো মানুষ ভিড় করছেন। শেষ মুহূর্তে বাড়ি ফেরার কারণে অন্যান্য দিনের তুলনায় যাত্রী উপস্থিতি বেশি হলেও কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি।
এ ছাড়াও এই অতিরিক্ত চাপের মধ্যেও কোথাও বড় ধরনের ভোগান্তি বা বিশৃঙ্খলার চিত্র দেখা যায়নি। যাত্রীরা সুশৃঙ্খলভাবে প্ল্যাটফর্মে অবস্থান নিয়ে নির্ধারিত ট্রেনে উঠছেন। বগিগুলোতে নির্দিষ্ট আসনের বাইরেও দাঁড়িয়ে যেতে দেখা গেছে যাত্রীদের।
রেলওয়ে কর্তৃপক্ষের প্রস্তুতির কারণে অধিকাংশ ট্রেন সময়মতো ছেড়ে গেছে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও রেলওয়ে কর্মীদের তৎপরতাও চোখে পড়ার মতো।
সব মিলিয়ে, শেষ দিনে চাপ থাকলেও কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদ যাত্রা অনেকটা স্বস্তিদায়ক এবং ভোগান্তিমুক্ত। যাত্রীরাও জানিয়েছেন তাদের স্বাচ্ছন্দ্যের কথা।