ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনে ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক, কাজ শুরু মঙ্গলবার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতৃত্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশনে ইইউ জোটভুক্ত ২৭টি সদস্য রাষ্ট্রসহ কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের ২০০ পর্যবেক্ষক যুক্ত হয়েছেন। বর্তমানে সব স্বল্পমেয়াদি পর্যবেক্ষক ঢাকায় প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণে নির্বাচনের দিনের ভোটগ্রহণ, ভোট গণনা এবং ফলাফল সংকলন পর্যবেক্ষণের পদ্ধতি সম্পর্কে দিকনির্দেশনা দেয়া হচ্ছে। আগামীকাল তাদের সারা দেশে মাঠপর্যায়ে কাজ শুরু করবেন।
এর আগে, গত বছরের ডিসেম্বরের শেষ দিক থেকে ১১ জন বিশ্লেষকের একটি মূল দল দেশে অবস্থান করছে। এছাড়া জানুয়ারির মাঝামাঝি থেকে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় কাজ করছেন।
নির্বাচনের দিন ইইউ পর্যবেক্ষকরা দেশের শহর, নগর ও গ্রামীণ এলাকায় ভোটগ্রহণ, ভোট গণনা এবং ফলাফল প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন।
আগামী ১৪ ফেব্রুয়ারি প্রধান পর্যবেক্ষক ইভার্স ইইয়াবস ঢাকায় এক সংবাদ সম্মেলনে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রাথমিক প্রতিবেদন উপস্থাপন করবেন।