নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক থাকছে ইইউ থেকে

৯ ফেব্রুয়ারি ২০২৬ - ১১:৫৪ পূর্বাহ্ণ
 0
নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক থাকছে ইইউ থেকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বড় পরিসরে থাকছে বিদেশি পর্যবেক্ষক। এরমধ্যে সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক থাকবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে। স্বল্প মেয়াদে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে ইইউ’র ৯০ জন নির্বাচনি পর্যবেক্ষক ভোটের মাঠে কাজ শুরু করবেন। এই পর্যবেক্ষকেরা প্রায় ২শ’ পর্যবেক্ষকের সমন্বয়ে গড়া ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউইওএম) প্রধান অংশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য যেসব দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সেগুলোর মধ্যে অন্যতম। ২৭ দেশের এই জোট এবারের নির্বাচন পর্যবেক্ষণে সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠাচ্ছে।

গত ডিসেম্বরে নির্বাচন কমিশন সচিবালয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ৩০টি দেশের পাশাপাশি ইইউসহ ৭টি আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানায়। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আশা করছে, প্রায় ১৮ বছর পর এবারের নির্বাচনে বড় পরিসরে অংশ নিতে যাচ্ছেন বিদেশি পর্যবেক্ষকেরা।

গত শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, এবারের নির্বাচনে প্রায় ৪০০ বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। অবশ্য, ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত ২৩টি দেশ ও ৭টি আন্তর্জাতিক সংস্থার অন্তত ৩৬৪ জন প্রতিনিধি আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত জানুয়ারিতে ঢাকায় এক ব্রিফিংয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, পূর্ণ সক্ষমতায় এই মিশনে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্যদেশের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের প্রায় ২০০ জন পর্যবেক্ষক অন্তর্ভুক্ত থাকছেন। এরমধ্যে ঢাকাভিত্তিক ১১ জন বিশ্লেষক নিয়ে একটি কোর টিম, ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক ও ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক থাকবেন। ইইউ সদস্যরাষ্ট্র ও অংশীদার দেশগুলোর কূটনৈতিক মিশনের পর্যবেক্ষকেরাও এতে অন্তর্ভুক্ত থাকবেন।

ইভার্স ইজাবস আরও জানিয়েছিলেন, পর্যবেক্ষক দলে যুক্ত হবেন ইউরোপীয় পার্লামেন্টের ৮ সদস্যের একটি প্রতিনিধিদল। যারা এই মিশনে যোগ দিয়ে এর কার্যক্ষমতা আরও বৃদ্ধি করবেন।

এদিকে বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউইওএম) পর সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠাচ্ছে ব্যাংকভিত্তিক সংগঠন আনফ্রেল (এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন)। তারা ২৮ জন নির্বাচন পর্যবেক্ষক পাঠাচ্ছেন। এছাড়াও ওয়াশিংটভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের (আইআরআই) ১৯ জন প্রতিনিধি নির্বাচন পর্যবেক্ষণে দেশে আসছেন। আর কমনওয়েলথের ১৩ জন নির্বাচনি পর্যবেক্ষক ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন।

অন্যদিকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে ৬ জন পার্লামেন্ট সদস্যসহ ১০ সদস্যের প্রতিনিধি পাঠাচ্ছে তুরস্ক। এর পাশাপাশি চীন, জাপান, ইরান, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ ১৯ দেশের প্রতিনিধিত্ব থাকছে নির্বাচন পর্যবেক্ষণে। সেই সঙ্গে ভারতসহ চার দেশের প্রতিনিধিরা বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

উল্লেখ্য, যেসব বিদেশি পর্যবেক্ষক এবারের নির্বাচনে পর্যবেক্ষণে যুক্ত থাকবেন, তাদের সবাই নিজেদের মতো করে প্রতিবেদন উপস্থাপন করবেন। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস গণমাধ্যমকর্মীদের জানিয়েছিলেন, নির্বাচনের দুই দিন পর (১৪ ফেব্রুয়ারি) ইইউইওএম একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে এবং ঢাকায় একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।

পরবর্তীতে প্রায় দুই মাস পর একটি পূর্ণাঙ্গ চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। যেখানে ভবিষ্যৎ নির্বাচনের জন্য সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে।

সামগ্রিকভাবে ২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের উপস্থিতি প্রায় ছিল না বললেই চলে। ওই তিন নির্বাচনে বিদেশ থেকে যারা পর্যবেক্ষণে এসেছিলেন, তাদের গুণ-মান নিয়েও প্রশ্ন ছিল।