মুহাম্মদ (সা.)-এর স্ত্রী খাদিজাও একজন কর্মজীবী নারী ছিলেন: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল বাংলাদেশের অর্ধেক নারী গোষ্ঠীকে ঘরের মধ্যে আটকে রাখতে চায়, সেই কথা তারা বলেছে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্ত্রী বিবি খাদিজা একজন কর্মজীবী নারী ছিলেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালে এক জনসভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল, যাদের জনগণ গুপ্ত পরিচয়ে চেনে, গুপ্ত সংগঠনের শক্তিরা বাংলাদেশে জালেমরূপে হাজির হয়েছে। জালেমদের নেতা নারীদের বাজে শব্দ দিয়ে গালাগাল করেছে। যে দলের নেতার কাছে মা-বোনেরা নিরাপদ নন, তাদের কাছে দেশের অগ্রগতি ও আত্মমর্যাদাপূর্ণ আচরণ আশা করা যায় না।
তারেক রহমান বলেন, নারীদের ঘরে বন্দি রেখে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সময় এসেছে দেশ গড়ার। প্রতিটি নারী-পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ না করলে প্রত্যাশিত বাংলাদেশ গড়া সম্ভব নয়। যারা দেশের মানুষদের নিয়ে বাজে কথা বলে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
তারেক রহমান আরও বলেন, বিএনপি সেসব পরিকল্পনা গ্রহণ করে যার মাধ্যমে দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তন করা যায়। গণতন্ত্রের ভিত মজবুত করতে হলে প্রয়োজন জনগণের সমর্থন। জনগণের অধিকার যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, বিভিন্ন খবরে দেখা যাচ্ছে গুপ্তের দল নিজেদের প্রেসে জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। যারা ভোটের আগে অনৈতিক কাজ করে, তারা কীভাবে নৈতিকভাবে দেশ পরিচালনা করবে? যারা অপরাধ ঢাকতে মিথ্যা কথা বলে, তাদের দ্বারা সৎভাবে দেশ পরিচালনা সম্ভব নয়। ১২ তারিখ জনগণের অধিকার কেউ যেন হাইজ্যাক করে নিয়ে যেতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
কর্মক্ষেত্রে নারী–পুরুষের সহাবস্থান সম্পর্কে তারেক রহমান বলেন, এই বাংলাদেশে নারী–পুরুষ সবাই মিলে মাঠে কাজ করেন। কৃষক ভাইয়েরা যেমন মাঠে কাজ করেন, আমরা জানি কিষানি বোনেরাও মাঠে কাজ করেন। শুধু মাঠেই নয়, কলকারখানায় আমাদের মেয়েরা, বোনেরা, নারীরা–পুরুষেরা পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন।
তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল বাংলাদেশের অর্ধেক নারী গোষ্ঠীকে ঘরের মধ্যে আটকে রাখতে চায়, সেই কথা তারা বলেছে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)–এর স্ত্রী বিবি খাদিজা একজন কর্মজীবী নারী ছিলেন। তার নিজের ব্যবসা-বাণিজ্য ছিল। যেখানে নবী করিম (সা.) নিজেও কাজ করতেন; কিন্তু এরা বলে— ইসলামি রাজনীতি করে, প্রিয় নবীজির স্ত্রী যেখানে কর্মজীবী নারী ছিলেন, সেখানে কেমন করে একটি রাজনৈতিক দলের নেতা এমন কথা বলতে পারেন?