রাশিয়ায় চাকরির প্রলোভনে ইউক্রেন যুদ্ধে ঠেলে দেয়া হচ্ছে বাংলাদেশিদের
চাকরির আশ্বাসে রাশিয়ায় গিয়ে ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হচ্ছেন বহু বাংলাদেশি শ্রমিক। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে-পরিচ্ছন্নতাকর্মী, ইলেকট্রিশিয়ান, রাঁধুনি বা সাধারণ শ্রমিকের কাজের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মানুষকে রাশিয়ায় নেয়া হচ্ছে। পরে জোরপূর্বক পাঠানো হচ্ছে ইউক্রেন যুদ্ধে।
আরেক শ্রমিক মোহন মিয়াজি জানান, তাকে বিদ্যুৎকর্মীর কাজের আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু বাস্তবে তাকে মৃতদেহ বহন ও সামরিক সরঞ্জাম সরবরাহে বাধ্য করা হয়। নির্দেশ না মানলে নির্যাতন করা হতো। ভাষাগত সমস্যার কারণে ভুল হলে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও তিনি জানান।
প্রতিবেদনে বলা হয়, কতজন বাংলাদেশি এভাবে প্রতারিত হয়েছেন তা স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীরা ইউক্রেনে রুশ বাহিনীর সঙ্গে শত শত বাংলাদেশিকে দেখার কথা বলেছেন। পরিবারগুলো জানায়, নিখোঁজ স্বজনদের শেষ বার্তাগুলো ছিল প্রাণভিক্ষার আর্তি।
এপি বলছে, বাংলাদেশ সরকার ও রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এ বিষয়ে তাদের প্রশ্নের কোনো জবাব দেয়নি। মানবাধিকারকর্মীরা এটিকে স্পষ্ট মানবপাচার ও যুদ্ধক্ষেত্রে জোরপূর্বক পাঠানোর ভয়াবহ উদাহরণ হিসেবে দেখছেন।