জবি ক্যাম্পাস বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হলো ছাড়তে নির্দেশ
সাম্প্রতিক শুক্র ও শনিবারের ভূমিকম্পের পর নিরাপত্তাজনিত কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন ক্যাম্পাস এবং হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। মৌখিক নির্দেশনায় জানানো হয়েছে, আগামী সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টার মধ্যেই আবাসিক শিক্ষার্থীদের হলো খালি করতে হবে।
রোববার (২৩ নভেম্বর) দুপুর থেকেই নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের শিক্ষার্থীদের ব্যাগপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বের হতে দেখা যায়। এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা জানান, প্রশাসনের পক্ষ থেকে মৌখিকভাবে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, তবে এখনো কোনও লিখিত নোটিশ জারি হয়নি।
রোববার দুপুরে দেখা যায়, অনেক শিক্ষার্থী বাড়ির পথে রওনা হয়েছেন। তবে কেউ কেউ এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছেন। হঠাৎ করে হল ছাড়ার নির্দেশে অনেক শিক্ষার্থী বিপাকে পড়েছেন বলে অভিযোগ রয়েছে। তাদের দাবি, টিউশন ও অন্যান্য দায়িত্বের কারণে এত দ্রুত হল খালি করা তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
শিক্ষার্থীদের মধ্যে এ সিদ্ধান্তকে কেন্দ্র করে ভিন্নমত পাওয়া গেছে। কেউ মনে করছেন, শুধু হল বন্ধ করাই দীর্ঘমেয়াদী সমাধান নয়; আবার অনেকেই প্রশাসনের সিদ্ধান্তকে নিরাপত্তার স্বার্থে যুক্তিসঙ্গত বলেই দেখছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “হল ঝুঁকিপূর্ণ মনে হলে বাড়ি ফিরে যাওয়া ছাড়া উপায় নেই। পুরান ঢাকার ঘনবসতি ও অনিয়ন্ত্রিত গঠন নিয়ে বহুদিন ধরেই দুর্যোগের আশঙ্কা রয়েছে। বড় ধরনের ভূমিকম্প হলে এ এলাকা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।”