৪৮ ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা

২৩ নভেম্বর ২০২৫ - ১১:৪১ পূর্বাহ্ণ
 0
৪৮ ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা

বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি নতুন ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। রোববার (২৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ওড়িশাটিভি

ওড়িশাটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত একটি দুর্বল নিম্নচাপ ধীরে ধীরে ঘনীভূত হয়ে এখন ‘সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে’ পরিণত হয়েছে। অনুমান করা হচ্ছে, এটি সোমবার আরও শক্তিশালী হয়ে পূর্ণাঙ্গ নিম্নচাপে রূপ নেবে। বর্তমানে সিস্টেমটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের দিকে অগ্রসর হচ্ছে। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কোনদিকে যাবে এবং চূড়ান্তভাবে কোথায় আঘাত হানতে পারে—তা এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, ২৫ নভেম্বরের মধ্যে এটি দক্ষিণ আন্দামান সাগরের নিকটে আরও সঞ্চিত হবে।

ভারতীয় আবহাওয়াবিদ সন্দীপ পট্টনায়ক জানান, মালাক্কা প্রণালি এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের অনুকূল আবহাওয়ার প্রভাবে নিম্নচাপটি ম্যাডেন–জুলিয়ান অসিলেশন অতিক্রম করে শক্তি সঞ্চয়ের সুযোগ পাচ্ছে। তিনি বলেন, সমুদ্রপৃষ্ঠের বিস্তৃত উষ্ণ জলরাশি এবং প্রশান্ত মহাসাগর থেকে আসা শক্তিশালী বায়ুপ্রবাহের কারণে সিস্টেমটি দ্রুত তীব্র হতে পারে। শীতল বায়ুর প্রবাহ বন্ধ থাকায় এর শক্তি বাড়ার সম্ভাবনা আরও বেশি।

তার ভাষায়, “প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শক্তিশালী বাতাস, বিস্তৃত সাগরপৃষ্ঠ এবং শীতল বায়ু অনুপস্থিত থাকায় নিম্নচাপটি আরও শক্তিশালী হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে।”

তিনি আরও বলেন, এই আবহাওয়া সিস্টেমটি ২১ নভেম্বর থেকে ২ বা ৩ ডিসেম্বর পর্যন্ত সক্রিয় থাকতে পারে। বিশেষ করে ২৬ থেকে ৩০ নভেম্বর সময়কালে এটি সর্বোচ্চ তীব্রতা অর্জন করতে পারে। এই সময়ে দুর্বল নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্র প্রদেশ ও ওড়িশা উপকূলের নিকটবর্তী এলাকায় শক্তি বৃদ্ধি করতে পারে।

এটির প্রভাবে মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যার পর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার হতে পারে। ২৬ নভেম্বর তা বেড়ে ৬০–৭০ কিলোমিটার, এমনকি ৮০ কিলোমিটারেরও বেশি হতে পারে। আর ২৭ নভেম্বর বাতাসের গতি ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।