ভূমিকম্প মোকাবিলায় সরকারের তাৎক্ষণিক কর্মপরিকল্পনা জরুরি: ডা. এজেডএম জাহিদ হোসেন

২১ নভেম্বর ২০২৫ - ১৫:১৮ অপরাহ্ণ
 0
ভূমিকম্প মোকাবিলায় সরকারের তাৎক্ষণিক কর্মপরিকল্পনা জরুরি: ডা. এজেডএম জাহিদ হোসেন

ভূমিকম্পের ঝুঁকি থেকে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের এখনই জরুরি ভিত্তিতে করণীয় নির্ধারণ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

শুক্রবার (২১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন। তার আগে সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

এ প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে আগাম প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। আজকের ভূমিকম্পের পর মনে করার কোনো কারণ নেই যে আমরা সম্পূর্ণ নিরাপদ। রাষ্ট্রীয় পর্যায়ে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে। সম্ভাব্য ক্ষতি কমিয়ে আনার জন্য এখনই যথাযথ পদক্ষেপ নেওয়া অত্যাবশ্যক।

জলবায়ু পরিবর্তনের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, ব্রাজিলে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে দায়িত্বশীল উন্নত দেশগুলো কাঙ্ক্ষিত সাড়া দিচ্ছে না। এর প্রভাবে বাংলাদেশে কখনো দীর্ঘ শীত, কখনো তীব্র গরম, আবার কখনো নিম্নাঞ্চল প্লাবিত হওয়াসহ অনিয়মিত আবহাওয়ার ঘটনা বাড়ছে।

সেই সঙ্গে অতীতের সহিংস ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, শেরাটন হোটেলের সামনে দুইতলা বিআরটিসি বাসে গানপাউডার ব্যবহার করে ১১ জনকে জীবন্ত দগ্ধ করে হত্যার কথা দেশবাসীর এখনও মনে আছে। ১৭৪ দিনের হরতালসহ সে সময় যারা আগুন সন্ত্রাসে জড়িত ছিল, তারাই বিভিন্নভাবে দেশে নতুন করে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, তারা আবারও পুরোনো তাণ্ডবের ধারায় ফিরে যাওয়ার চেষ্টা করছে।